গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। রোববার (১ নভেম্বর) রাতে এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো খবর পেলে তা অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে।
এতে আরও বলা হয়, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।
তথ্যবিবরণীতে বলা হয়েছে, কোনো ধরনের কোনো গুজব বা উস্কানিমূলক বক্তব্যে কান না দেয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে নিছক গুজব ছড়িয়ে জুয়েলকে (৫০) হত্যা করা হয়েছে। সেখানে কোরআন অবমাননার সত্যতা পাওয়া যায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় মানবধিকার কমিশনের অভিযোগ ও তদন্ত টিমের পরিচালক আল মাহমুদ ফাউজুল কবির।
রোববার ঘটনা তদন্তে এসে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্নজনের সাক্ষ্য নেয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
এসময় ওই টিমের সদস্য সচিব জাতীয় মানবধিকার কমিশনের অভিযোগ ও তদন্ত টিমের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, টিমের সদস্য লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক পি এম রাহসিন কবির ও লালমনিরহাটের সিনিয়ন সহকারী পুলিশ সুপার তাপস সরকার উপস্থিতি ছিলেন।
এএস





