রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দুই ভাইকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে থানা এলাকার গোলারবাগ নিজ বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত দুই ভাই হলেন- ওমর ফারুক ও ফিরোজ।

পরিবারের পক্ষ থেকে গোয়েন্দা কার্যালয়ে গিয়েও তাদের হদিস পাওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

অপহৃতদের বাবা হাকিম আলী বলেন, গত বৃহস্পতিবার দিনগত রাতে ডিবি পরিচয়ে ৫/৭ জন ব্যক্তি তার বাসায় আসেন। এ সময় তার দুই ছেলে ওমর ফারুক ও ফিরোজকে ডিবিতে নিয়ে যাওয়া হচ্ছে বলে তারা জানান।

তবে কেন তাদের ডিবিতে নিয়ে যাওয়া হচ্ছে এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তারা।

তিনি আরও জানান, শুক্রবার সকালে ছেলের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে যান তারা। সারাদিন সেখানে থাকার পর কোনো কর্মকর্তা তার ছেলেদের খোঁজ দিতে পারেননি। এ কারণে তিনি শুক্রবার রাতেই দারুসসালাম থানায় জিডি করেন।

হাকিম আলীর অভিযোগ, ডিবি পরিচয় দিয়ে দুর্বৃত্তরা তার ছেলেদের অপহরণ করেছে। সন্তানদের উদ্ধারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) জাহানুর ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, সংশ্লিষ্ট থানায় জিডি হয়েছে। বিষয়টি তারা তদন্ত করবেন।

কেএইচ