টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ফয়েজ উদ্দিন (ফজু) নামে মাদকাসক্ত এক যুবকের লাঠির আঘাতে রিপন (৩৮) নামে আরেক মাদকাসক্ত যুবক নিহত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রুপসী বাজারে এ ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার রুপসী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
জানা গেছে, রুপসী গ্রামের রিপন ও ফয়েজ উদ্দিন (ফজু) দু’জনে ঘনিষ্ঠ বন্ধু। উভয়েই একসঙ্গে নেশা করতো। এর আগে মাদকের টাকা জোগান ও মাদক কেনার টাকার হিসেব নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। সন্ধ্যায় রুপসী বাজারের একটি চায়ের দোকানে রিপন চা পান করছিল।
এসময় ফজু দোকানে ঢুকে লাঠি দিয়ে রিপনের মাথায় আঘাত করে। এতে রিপন মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা রিপনকে মৃত ঘোষণা করেন।
দেলদুয়ার থানার ওসি মোশাররফ হোসেন জানান, অভিযুক্ত ফজুকে আটক করা হয়েছে।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমবি





