ভর দুপুরে গুলি চালিয়ে এক দোকান কর্মচারীকে হত্যা করে ২ লাখ ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর রামপুরায়।
নিহত ইসমাইল হোসেন (৩৬) ডিআইটি রোডে তার চাচাতো ভাইয়ের স্যানিটারি সামগ্রীর দোকানের ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
রোববার বেলা আড়াইটার দিকে এক ব্যাংক থেকে টাকা তুলে আরেক ব্যাংকের যাওয়ার পথে হাজীপাড়া নতুন বাজার মোড়ে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন বলে রমনা থানার এসআই জুয়েল মিয়া জানান।
ইসমাইলের চাচাতো ভাই মিন্টু বলেন, বেলা আড়াইটার দিকে হাজীপাড়া আল আরাফা ব্যাংক থেকে ২ লাখ ৯০ হাজার টাকা তুলে পাশের ডাচ বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন ইসমাইল। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাকে ধরে টাকার ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকরীদের একজন গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।
স্থানীয়রা প্রথমে গুলিবিদ্ধ ইসমাইলকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে বিকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. জুলহাস হোসেন জানান।
এসআই জুয়েল মিয়া বলেন, 'কারা এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।' বিডি নিউজ।
ওএফ





