লক্ষ্মীপুরে আটিয়াতলীতে লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুর রহমানকে কুপিয়ে আহতের জের ধরে সৃষ্ট ঘটনায় পুলিশের ওপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে ৪ পুলিশ সদস্য ও সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে।

আজ (০২ জানুয়ারি) বুধবার সকালে পূর্বশত্রুতার জের ধরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। এই ঘটনায় সংগঠনটির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ, হাসপাতাল ও যুবলীগ সুত্রে জানা গেছে, আজ সকালে পূর্বশত্রুতার জের ধরে দেলোয়ার হোসেন নামে এক যুবক লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুর রহমানকে কুপিয়ে আহত করে। কিছুক্ষণ পর দেলোয়ার হোসেনকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করে পুলিশে খবর দেয় ফজলুর রহমানের লোকজন। পরে পুলিশ দু’জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে দুপুরে হাসপাতালে ফজলুর রহমানকে দেখতে আসে যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে দেলোয়ার হোসেনের ওপর হামলা করে। এতে পুলিশ বাধা দিলে পুলিশের ওপর হামলা করে তারা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এতে সদর থানার এসআই আবদুল আলীম, এএসআই গিয়াস উদ্দিন, পুলিশ সদস্য নয়ন ও মেহেদী হাসানসহ ৪ পুলিশ, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, জেলা যুবলীগ সভাপতি সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমানসহ ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরে যুবলীগ নেতা মাহাবুবুর রহমান,রুপম হাওলাদার ও ইকবাল হোসেন হিমলক্বারীসহ  ১০ যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, পূর্বশত্রুতায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা চালায় প্রতিপক্ষ দেলোয়ার হোসেন। দু’জনকে হাসপাতালে ভর্তি নিয়ে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনণ করতে গেলে পাল্টা হামলার শিকার হয় পুলিশ। এতে ৪ পুলিশ আহত হয়।

হাসপাতাল ও শহরের বিভিন্নস স্থানে অভিযোন চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে হাসপাতাল ও শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এমবি