সিরাজগঞ্জে আবারও অস্বাভাবিক হারে বাড়ছে যমুনা নদীর পানি। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গেই নদী তীরবর্তী এলাকায় বাড়ছে নদীভাঙন।
গেল ২৪ ঘণ্টায় ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার সকালে (১০ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার মো. হাসানুর রহমান জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে আবারও বাড়ছে যমুনা নদীর পানি। পানি বৃদ্ধি চলতি সপ্তাহব্যাপী অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।
এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গেই জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর ও পাচিলে শুরু হয়েছে তীব্র নদীভাঙন। গত তিন দিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ২০টি বসতভিটাসহ বিস্তীর্ণ ফসলি জমি।
এবিএস





