পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনীর প্রতিবাদ ও বান্দরবান থেকে গ্রেফতার বাঙ্গালী নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে তিন পার্বত্য জেলায় ২য় দফায় ৪৮ ঘন্টা হরতালের ডাক দিয়েছে ৫ টি বাঙ্গালীভিত্তিক সংগঠন।
সংগঠনগুলোর পক্ষে এডভোকেট আলম খান সাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতালের ডাক দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা ২৪ ঘন্টা এবং রবিবার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টাসহ মোট ৪৮ ঘন্টার এই হরতালের ডাক দিয়েছে।
সংগঠনগুলো হলো,পার্বত্য নাগরিক পরিষদ,পার্বত্য গণ পরিষদ,পার্বত্য গণ পরিষদ,পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন,পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ এবং পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ।
সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হয়, সম্প্রতি সংশোধীত হওয়ার পর জাতীয় সংসদে পাশ হওয়া পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের কারণে পার্বত্য এলাকায় বসবাসকারি বাঙালীরা নিজ ভূমি থেকে উচ্ছেদ হবে এবং কমিশনে বাঙালী প্রতিনিধিত্ব না থাকায় ন্যায়বিচার থেকেও বঞ্চিত হবেন তারা।
সংগঠনগুলো একই সাথে সম্প্রতি বান্দরবান থেকে গ্রেফতার হওয়া তাদের নেতা আতিকুর রহমানের নি:শর্ত মুক্তি দাবি করেছে।
পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাচ আল মামুন জানিয়েছেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করবো, আমাদের প্রতিবাদ জানাবো। সরকার একবারও আমাদের দাবির প্রতি ন্যুনতম সম্মান দেখায়নি। তাই আমরা কঠোর কর্মসূচীর দিতে বাধ্য হয়েছি।
মাসুম/এসএম





