সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে। রোববার রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া ঘটনার পর এই রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

তবে আজ সোমবার সকাল থেকে উপবন এক্সপ্রেসকে জয়ন্তিকা ট্রেন করা হয়। দুপুর সাড়ে ১২টায় জয়ন্তিকা এক্সপ্রেস কুলাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়েছে। বরমচালে রেললাইন মেরামত না হওয়া পর্যন্ত সিলেটের সব ট্রেন কুলাউড়া থেকে চলাচল করবে।

শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রোববার রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের বগি ছিটকে পড়ে। এতে এ পর্যন্ত ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিন শতাধিক যাত্রী নিয়ে রোববার রাতে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

এএস