পাবনায় মুখোশধারী দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে ৭ যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শহরের শালগাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পৌর সদরের শালগাড়িয়া এলাকার টিপু হোসেনের ছেলে আলভি হোসেন, সাত্তার প্রামাণিকের ছেলে মুসা হোসেন, জাহাঙ্গীর হোসেনের ছেলে সাজু হোসেন, করিম প্রামাণিকের ছেলে সেতু, জামাল হোসেনের ছেলে শাকিল হোসেন, শিবরামপুর মহল্লার শরিফ উদ্দিনের ছেলে সাব্বির হোসেন, হেলাল উদ্দিনের ছেলে সাগর।

স্থানীয়রা জানান, ঘটনার সময় শালগাড়িয়া এলাকায় অবস্থিত বাংলাদেশ ঈদগাহ মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন স্থানীয় যুবকরা। খেলা দেখছিলেন আরো কিছু যুবক। এ সময় তিনটি মোটরসাইকেলে করে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে ৭ যুবক আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে কারা কী কারণে গুলি করেছে, তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইআর