আজ ৭ হাজার ৭৪৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১৩টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গুলিস্তানের জেনারেল পোস্ট অফিসের (জিপিও) ভবনটি ভেঙে সেখানে গ্রীন পার্ক করার নির্দেশনা দিয়েছেন।
একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, আগারগাঁওয়ে ১৬ তলা বিশিষ্ট নতুন জিপিও ভবন করা হয়েছে। গুলিস্তান থেকে আগারগাঁওয়ে দ্রুতই স্থানান্তরিত হবে প্রধান পোস্ট অফিস।
মঙ্গলবার (০৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “জিপিওর নতুন ভবন হয়েছে আগারগাঁওয়ে। পুরাতন জিপিওর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আইডিয়া হলো এখানে সুন্দর জায়গায় আছে, শহরের কেন্দ্রে-এটাকে গ্রীন পার্ক বানানো হবে। যেখানে আমাদের নাগরিকেরা অবসর সময় পার করবেন।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আমরা সেটা বাস্তবায়ন করবো। কবে হবে, কত টাকা প্রয়োজন হবে সেটা আমরা পর্যালোচনা করবো।”
মন্ত্রী জানান, তাছাড়া রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মাঠটিকে প্রধানমন্ত্রী মাঠ হিসেবেই রাখার নির্দেশনা দিয়েছেন। সেখানে যাতে কোনো অবকাঠামো না হয়।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, একনেক সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৭ হাজার ৭৪৪ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৪১৪ কোটি ৯৭ লাখ টাকা, বৈদেশিক সহায়তা হিসেবে প্রকল্প সাহায্য পাওয়া যাবে ১ হাজার ১৪০ কোটি ৪৪ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১৮৯ কোটি টাকা।
অনুমোদিত প্রকল্পের মধ্যে ১০টি নতুন প্রকল্প এবং ৩টি সংশোধিত প্রকল্প রয়েছে বলেও জানান মন্ত্রী।
এমবি





