করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে কাতারের হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৫৭ বছর বয়সী ওই বাংলাদেশীর নাম দিলীপ কুমার রায়।
তিনি মৌলভীবাজার জেলোর শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজডিহি এলাকার মহাজনবাড়ির বাসিন্দা এবং ভৈরবগঞ্জ বাজারের দিলীপ কমপ্লেক্সের মালিক।
নিহতের পারিবার জানায়, দীর্ঘ দিন থেকে তিনি কাতারে অবস্থান করে কয়েকটি ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিলেন। গত ১৬ মার্চ কাশি ও শাসকষ্ট নিয়ে তিনি কাতারের দোহার হামাদ হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার করোনাভাইরাস ধরা পরে। অবশেষে গত ২৮ মার্চ বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে রয়েছেন। এই সংবাদ পাওয়ার সাথে সাথে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে করোনায় প্রবাসে শ্রীমঙ্গলের একজনের মৃত্যুর খবর।
সমাজসেবক দিলীপ রায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। শোক জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুলসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
দিলীপ রায়ের ছেলে হৃদয় দেব বলেন, “আমার বাবার ডায়াবেটিক ছাড়া তেমন কোনো অসুখই ছিল না। হামাদ হাসপাতালে যাওয়ার তিন দিন আগে একটি প্রাইভেট হাসপাতালে সামান্য কাশি ও শাসকষ্টের জন্য গেলে ফুসফুসে সমস্যা ধরা পরে। ডাক্তারের পরামর্শ নিয়ে ওই দিনই তিনি বাসায় চলে আসেন। পরে শাসকষ্টের মাত্রা বেড়ে যাওয়ায় সরকারী হাসপাতালে গেলে সেখানে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।”
তিনি পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আকুল আবেদন জানান যে, তার বাবার লাশটি যেন দেশে আনার ব্যবস্থা করা হয়, শেষ অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য। প্রয়োজনে সব খরচ তারা বহন করবে বলেও জানান তিনি।
এমবি





