বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৬ জনকে উত্তরা পূর্ব থানা পুলিশ তিন দিন আগে আটক করলেও তাদের আদালতে না তোলায় উদ্বেগ প্রকাশ করেছে তাদের পরিবার।
শনিবার দুপুরে এক বিবৃতিতে তারা বলেন, গত ৪ ফেব্রুয়ারি ভোর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের এক বাসা থেকে এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র খাইরুজ্জামান ও আখতারুজ্জামান, উত্তরা ইউনিভার্সিটির ছাত্র নাবিল, নর্দান ইউনিভার্সিটির ছাত্র সাইফুল ইসলাম এবং ইমরান ও মনসুর আলী নামে দুই চাকুরিজীবীকে উত্তরা পূর্ব থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছে অবৈধ কিছু পাওয়া যায়নি।
পরে আত্মীয় স্বজনেরা থানায় গিয়ে দেখা করতে পারলেও, তাদেরকে ছাড়া হবে, নাকি মামলা দেয়া হবে, এ নিয়ে সঠিক কোন খোঁজ পাচ্ছেন না তারা। আবার অজানা আশঙ্কা তাড়া করে ফিরছে তাদের।
তারা বলেন, গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে আদালতে উঠানোর কথা থাকলেও সে বিষয়ে কর্তৃপক্ষের তেমন কোন সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বিবৃতিদাতারা হলেন, খাইরুজ্জামানের পিতা আব্দুস সালাম ও সাইফুল ইসলামের পিতা আব্দুস শহীদ।
বিজ্ঞপ্তি
জেএ





