সন্ত্রাস দমন আইনের দুই মামলায় জামিন সর্বোচ্চ আদালত বহাল রাখার পর চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারগার থেকে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, “উচ্চ আদালতের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর বিকালে তিনি মুক্তি পান।”
হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছরের ১৮ অগাস্ট রাতে ধানমন্ডি থেকে দুই আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলাকে গ্রেপ্তার করে র্যাব।
বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।
গত বছরের ২৮ নভেম্বর বিচারিক আদালতে শাকিলার জামিন নামঞ্জুর হয়। পরে ১২ জানুয়ারি হাই কোর্টে জামিন আবেদন করা হলে পরদিন প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেয়।
দুই মামলায় শাকিলাকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এর জবাব দিতে বলা হয়।
ওই রুলের ওপর শুনানি শেষে ২২ ফেব্রুয়ারি হাই কোর্ট শাকিলার জামিন মঞ্জুর করে।
শাকিলার জামিন মঞ্জুর করে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গত রোববার আপিল বিভাগে খারিজ করে দেয়।
ফলে দুই মামলায় শাকিলার জামিন সর্বোচ্চ আদালতে বহাল থাকায় তার মুক্তিতে আর বাধা নেই বলে তার আইনজীবী সগীর হোসেন লিওন জানিয়েছিলেন।
আইনজীবী লিটন ও বাপন গত ডিসেম্বরে জামিনে মুক্তি পেয়েছেন।
এফএফ





