লক্ষ্মীপুরের রামগতিতে গ্রেফতারকৃত ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সলেমানকে (৪০) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। ঘটনার সাথে জড়িত থাকায় মুন্না ও হুরন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের জেলে বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকৃত সলেমান রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বাসিন্দা শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তবে আটক দুই সহযোগীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সলেমানকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ইআর





