পুলিশকে ঢিল না মেরে সহায়তার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার আব্দুল জলিল মণ্ডল।

তিনি বলেছেন, ‘পুলিশকে ঢিল না মেরে আমাদের সহায়তা করুন। পুলিশ আপনাদের মেহমান, তাদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আমাদের জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

বুধবার সকালে নগরীর পতেঙ্গা সি-বিচ এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পতেঙ্গা মডেল থানা কমিউনিটি পুলিশিং ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।

পুলিশ কমিশনার বলেন, ‘আমরা ভালো মানুষের জন্য, ভালো মানুষকে নিয়েই কাজ করতে চাই। আমি প্রতিটি ওয়ার্ডে যাবো উদ্দেশ্য একটাই- পুলিশ জনতা ভাই ভাই, বাস্তবে তা রূপ দিতে চাই। মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা দিতে চাই। আমি লাঠি হাতে রাখা বিশ্বাস করি না, লাঠি তাদের জন্য যারা সমাজের চোখে খারাপ হিসেবে চিহ্নিত। শতকরা ৫ ভাগ চিহ্নিত এই খারাপ মানুষকে সমাজ থেকে তাড়াতে চাই। ভালো কাজের মধ্যে অনেক বাধা থাকে। অনেকে উস্কানি দেয়, এসব উস্কানিতে কান না দিয়ে ভালো কাজে এগিয়ে যান।’ এসময় তিনি পতেঙ্গা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের সঙ্গে ভালো ব্যবহার করার এলাকাবাসীকে আহ্বান জানান।

আব্দুল জলিল বলেন, ‘আমরা সবাই সচেতন থাকলে চট্টগ্রাম শহরকে প্রাচ্যের রানী মালয়েশিয়া বা সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা সম্ভব। তবে এ ব্যাপারে আমাদের সচেতন এবং সৎ থাকতে হবে। এলাকায় মাদক ক্রেতা-বিক্রেতাকে প্রতিহত করা হবে। পতেঙ্গা সি-বিচকে হেলদি সি-বিচ করা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বনজ কুমার মজুমদার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মো. সুজায়েত ইসলাম।

উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারীর সভাপতিত্বে ও পতেঙ্গা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাহাবুদ্দিন আহমেদ, পতেঙ্গা কমিউনিটি-পুলিশিং কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর নুরুল আবছার, পতেঙ্গা কমিউনিটি-পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, পতেঙ্গা কমিউনিটি-পুলিশিং কমিটির উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী।

জেআই