ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিন জনের মৃত্যু হলো।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামের আলফাজ মিয়ার ছেলে অন্তর মিয়া (১৮), কেনা গ্রামের নান্নু মিয়ার ছেলে রবিউল ইসলাম (২১) ও একই ইউনিয়নের শ্যামরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আনন্দ ইসলাম (২২)।

গতকাল বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মোটরসাইকেলে অন্তর, রবিউল ও আনন্দ হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিলেন। ইসলামপুর এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অন্তর ও রবিউল নিহত। এ সময় আনন্দ আহত হন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে।

এদিকে আনন্দকে প্রথমে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ৮টার দিকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে বুধবার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে আনন্দ মারা যায়। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ পিকআপভ্যানটিকে আটক করেছে। তবে এর আগেই পিকআপ চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএস