জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে ডাকা দুদিনের হরতালের প্রথম দিন বগুড়ায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। এ ছাড়া মঙ্গলবার রাতে পুলিশ জামায়াত-শিবিরের ১১ জনকে আটক করেছে।
বুধবার সকালে হরতালের সমর্থনে জামায়াত ও শিবির পৃথক পৃথকভাবে কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।
সকাল সাড়ে ৭টায় শহরের খান্দারে হরতালের সমর্থনে শহর শাখার সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। সকাল ৮টায় চারমাথা-গোদারপাড়ায় মিছিল করে জামায়াতে ইসলামী। সকাল সাড়ে ৯টায় শহরের সাবগ্রামে জামায়াত-শিবির কর্মিরা বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা দ্বিতীয় বাইপাস সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে।
হরতালকে কেন্দ্র শহরের ভেতরে-বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যা বের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে। শহরের ভেতরে পিকেটিংয়ের সম্ভাব্য পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।
বগুড়া থেকে কোনো ধরনের যানবাহন ছেড়ে যায়নি এবং আসেনি। মহাসড়ক পুরোটাই ফাঁকা। শহরের ভেতরে রিকশা চলাচল করছে। দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলেনি। সরকারি অফিস খুললেও লোক উপস্থিতি নেই।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, এ পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জামায়াতের ৮ জন এবং শিবিরের ৩ জন কর্মী রয়েছে।
জেআই





