আজ বুধবার দুপুরে নাটোরের সিংড়ার আত্রাই নদীতে বালুতোলার ড্রেজারের গর্তে ডুবে তোহা হোসেন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু তোহা পৌর শহরের সরকারপাড়া মহল্লার ট্রাক ড্রাইভার উজ্জল হোসেনের ছেলে এবং ব্রাইট স্টার কিন্ডার গার্টেনের প্লে শ্রেণীর ছাত্র।

এলাকাবাসীরা জানায়, আজ দুপুর ১২টার দিকে বাড়ির পাশে আত্রাই নদীতে মায়ের সাথে গোসল করতে যায় শিশু তোহা। এসময় নদীতে ড্রেজার দিয়ে বালু তোলা গর্তের ভিতর পড়ে শিশু তোহার মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা গর্তের ভিতর থেকে মৃতুদেহ উদ্ধার করলে এলাকায় শোকের ছাড়া নেমে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, রাজনৈতিক ছত্রছায়ায় স্থানীয় বাজারের ব্যবসায়ী বিজয় কুমার কুন্ড, তপন সরকার, রোজ নামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গত কয়েক বছর ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে এই বালু উত্তোলন করছে। আর রাতারাতি তারা গাড়ি বাড়ির ও মালিক হচ্ছেন, যেন আঙ্গুল ফুলে কলাগাছ।

স্থানীয় মোহসিন আলী সদাগর ও আলাউদ্দিন জানান, দীর্ঘ দিন ধরে উল্লেখিত প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কারণে গর্তের সৃষ্টি হয়। গত তিন বছরে ওই সব গর্তে ডুবে সুরাইয়া (৬), সম্পা (৮), সাকিরাসহ (৫) অন্তত ৫ শিশুর প্রাণহানী ঘটেছে। এসব বিষয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেও অজ্ঞাত কারণে প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি জানান, এই ধরনের অভিযোগের বিষয়ে তার জানা নেই। বিষয়টি জেনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এম আর