শিশুদেরকে ছোট থেকে বিভিন্ন শিল্পের দিকে নজর দিতে হবে ।তাহলে শৈশব থেকে শিশুদের জ্ঞানও সৃজনশীলতা বৃদ্ধি পাবে।
মঙ্গলবার মোমিন রোডস্থ মাওলানা ইসলামাবাদী মেমোরিয়াল হলে ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নিয়ে এসব কথা বলেন চিত্রশিল্পীরা ।
সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক শিপুল কুমার দে'র সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিত্রশিল্পী সৌমেন দাশ।

শিশুমেলার পরিচালক রুবেল দাশ প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছোটদের বর্ষবরণ ১৪২৩ এর আহ্বায়ক কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বিশেষ অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, চিত্রশিল্পী সাজ্জাদ তপু, শিশুমেলার নির্বাহী সদস্য অধ্যাপক ইন্দিরা চৌধুরী, রুমা বিশ্বাস, শিক্ষিকা তাহমিনা রহমান, সাবেকুন নাহার ঝর্না ও দিলীপ সেনগুপ্ত।

চিত্রশিল্পী সৌমেন দাশ বলেন, শৈশবকে গড়ে তুলতে হবে শিল্প ও সংস্কৃতি চর্চার মাধ্যমে। সংস্কৃতি চর্চার অভাবে নতুন প্রজন্ম অপরাধমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হচ্ছে। শিশুরা শিল্প বা সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করলে মনের কলুষতা থেকে বেরিয়ে এসে নিজেকে সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।

শিশুমেলার আয়োজনে প্রথমবারের মতো নগরীর চেরাগী পাহাড় মোড়ে পহেলা বৈশাখ ছোটদের বর্ষবরণ ১৪২৩ উদযাপিত হতে যাচ্ছে। প্রতিযোগিতায় অংশ নেয়া ক্ষুদে আঁকিয়েদের আঁকা ছবি ছোটদের বর্ষবরণ অনুষ্ঠানে প্রদর্শিত হবে এবং উৎসব মঞ্চে ২টি বিভাগে মোট ৩০ জনকে পুরস্কৃত করা হবে।

 

এইচ ই