প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকার বাঘ রক্ষায় সব ধরনের প্রদক্ষেপ গ্রহণ করবে। শুধু বাঘ নয়, সব প্রাণীবৈচিত্রকেই রক্ষা করতে হবে।
রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ২০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিতীয় বিশ্ব টাইগার স্টকটেকিংয়ের উদ্বোধনকালে তিনি একথা বলেন।এসময় তিনি সুন্দরবন রক্ষায় বিশ্বসম্প্রদায়ের প্রতিও আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিতভাবে শিল্প-কারখানা তৈরি, বনভূমি ধ্বংস এবং সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নের চাপে বাঘের প্রাকৃতিক আবাসস্থল দিন দিন কমে আসছে।
গত একশ’ বছরে বাঘের সংখ্যা ১ লাখ থেকে কমে ৩ হাজার ৭০০ তে এসে দাঁড়িয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিলুপ্তপ্রায় এই অনিন্দ সুন্দর প্রাণীর বৃদ্ধি, সংরক্ষণ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে এবারের সম্মেলন তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আমি আশা করি।
তিনি বলেন, আমার প্রত্যাশা, বাংলাদেশসহ বাঘ-অধ্যুষিত সব দেশে বাঘ সংরক্ষণে সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় সবাইকে বাঘ ও প্রকৃতিকে রক্ষার আহ্বান জানান শেখ হাসিনা।
গ্লোবাল টাইগার রিকভারি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য বাঘ-অধ্যুষিত দেশসমূহের প্রতিনিধি এবং গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভ-এর সদস্যরা এ সম্মেলনে অংশ নিয়েছেন।
তিন দিনব্যাপী এ সম্মেলনে ১৩টি বাঘ অধ্যুষিত দেশের প্রতিনিধিসহ ২০টি দেশের ১৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। গ্লোবাল টাইগার ফোরামের প্রথম সাধারণ সম্মেলন ২০০০ সালে ঢাকাতেই অনুষ্ঠিত হয়েছিল।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





