চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার সারা দেশে ২৫টি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। গতকাল ১০টি শিক্ষা বোর্ডের ফলাফলে এমন তথ্য মিলেছে।

দুপুরে এক সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এবার শতভাগ পাস করেছে দেশের ৮৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

অন্যদিকে ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো ছাত্রছাত্রী পাস করতে পারেনি। গতবার ১ হাজার ১৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিল। ৩৫টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই ফেল করেছিল। এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি কমেছে।
অন্যদিকে ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছেন। তবে সবচেয়ে বেশি শতভাগ পাসের প্রতিষ্ঠান রয়েছে মাদ্‌রাসা শিক্ষা বোর্ডে। এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৮৫টি কমেছে। গত বছর এক হাজার ১৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল।

মাদ্‌রাসা বোর্ডের ২ হাজার ৭০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে ৫৮৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপরেই রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এখানে ১ হাজার ৬৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টি প্রতিষ্ঠান থেকে সকলেই কৃতকার্য হয়েছে। এবারের প্রকাশিত ফলাফলে ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ।

এবার মোট ৮ হাজার ৩৪৫টি শিক্ষা প্রতষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। শতভাগ পাস প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে মোট ১০৫টি প্রতিষ্ঠানের সকলেই কৃতকার্য হয়েছেন। মাদ্‌রাসা বোর্ডে ৫৮৫টি ও কারিগরি বোর্ডে ১৫৮টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছেন।

মাদ্‌রাসা বোর্ড থেকে এবার মোট ৮৯ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাস করেছেন ৮২ হাজার ৫৫৮ জন। পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ। আর মোট জিপিএ-৫ পেয়েছেন ২৪১৪ জন। গত বছর ছিল ১৪৩৫ জন। জিপিএ-৫ বেড়েছে ৯৭৯ জন।

এসএ