সিসিক নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী।
এ ঘটনায় একজনকে আহত অবস্থায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুদ হৃদয় ও প্রথম আলোর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিজবাহ উদ্দিন।
আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের আম্বরখানা দরগা গেট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্রলীগের কিছু কর্মী জাল ভোট দিচ্ছিলেন। মিজবাহ এ সময় এই জাল ভোটের ছবি তুলছিলেন। তখন ছাত্রলীগের কর্মীরা তাঁর মোবাইল ফোন কেড়ে নেন।
এরপর সেখানে পুলিশ এসে তাঁকে বেধড়ক পেটায়। এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের কয়েকজন সদস্য মিসবাহকে পেটাতে থাকে।
ছাত্রলীগ কর্মীরাও হামলায় অংশ নেয়। হামলায় মিসবাহর পিঠ ও ডান হাতের কিছু অংশ ফেটে যায়।
পুলিশ পেটানোর পর ছাত্রলীগের কর্মীরা মিসবাহর মোবাইল ফোন থেকে জাল ভোট দেওয়ার ভিডিও মুছে ফেলেন। পরে তা ফেরত দেন।
হামলায় আহত মিসবাহকে দ্রুত সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখন সেখানে তিনি চিকিৎসাধীন।
এ ঘটনার পর সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত। পুরো বিষয়টি খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এএস
আরও দেখুন (পুলিশের বর্বরতার বিকৃত রুপ জাতির সামনে উন্মোচিত: ছাত্রশিবির)





