চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন খাজা রোড বাদামতলী এলাকায় শুক্রবার রাত ১১টার দিকে ব্যবসায়িক দ্বন্দ্বে ফরিদুল আলম (৪৫) ও আবু সিদ্দিক (৪২) নামে দুই ভাইকে খুন করা হয়েছে।

নিহতরা এলাকার মুন্সীবাড়ির মরহুম আবদুস সবুরের ছেলে।

চান্দগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) এমএ রউফ জানান, এলাকার খাজা রোড বাদামতলী এলাকার মুন্সীবাড়িতে কাঠ ব্যবসাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষ ব্যবসায়ী ও তার লোকজন ফরিদুলকে আক্রমণ করে। তাকে বাঁচাতে ছোট ভাই আবু সিদ্দিক এগিয়ে আসলে দুই ভাইকে প্রচণ্ড মারধর করা হয়। উভয়কে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কেএইচ