দেশে করোনাভাইরাসে বুধবার (৮ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর গত পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ১১২ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। মারা গেছে ১ জন। ফলে মোট প্রাণহানি হলো ২১ জনের।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
করোনায় বাংলাদেশ পরিস্থিতি
২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১১২
মোট আক্রান্ত ৩৩০
চিকিৎসাধীন ৩২
মোট সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৩
হোম কোয়ারেন্টাইন ১০৭৮৭
আইসোলেশন ১৩৫
মোট মৃত্যু ২১
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে মারা গেছেন আরও একজন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীসহ সারাদেশে আইসোলেশন বেড সংখ্যা বাড়ানো হচ্ছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে (আইসিসিবি) ২ হাজার বেড, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেটে ১ হাজার ৪০০ বেড ও উত্তরার দিয়াবাড়িতে চারটি ভবনে ১ হাজার ২০০ বেডের আইসোলেশন ইউনিটসহ আরও মোট ৫ হাজার ৬০০ বেডের আইসোলেশন ইউনিট যুক্ত হচ্ছে।
বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যের সংখ্যা বেড়েই চলেছে।
এখন পর্যন্ত ২০৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ২৩ জন। অপরদিকে প্রাণঘাতী করোনায় মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৪৫৭ জনের।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
এএস





