রাজধানীর ওয়ারী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই চালকের নাম মো. রেজাউল (৩২)।

গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ তালুকদার জানান, টিকাটুলী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কার্যালয়ের ২০০ গজ পূর্বের রাস্তায় যাত্রীবাহী বাস রেজাউলের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় তাঁর।

এসআই আরো জানান, দুর্ঘটনার পরই বাসটির চালক পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটিকে থানায় নেওয়া হয়েছে।

এমবি