সাতক্ষীরায় স্ত্রীর পরকীয়ার জের ধরে আবুল হাসান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সাতক্ষীরা সদর উপজেলার গদঘাটা গ্রামের নিজ বাড়িতে সোমবার রাত ৩টার দিকে তাকে হত্যা করা হয়। আবুল হাসান ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
এলাকাবাসী জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে ছেলের চিকিৎসা চলাকালে সাফিয়া খাতুনের সঙ্গে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের এক ব্যক্তির পরকীয়া সর্ম্পক গড়ে ওঠে। বিষয়টি জানার পর অনেক চেষ্টা করেও স্ত্রীকে ফেরাতে পারেননি আবুল হাসান। প্রতিনিয়ত ওই যুবক সাফিয়া খাতুনকে জিনিসপত্র দেয়া-নেয়া করত। এরই জের ধরে আবুল হাসানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আবুল হাসানের ছেলে মিন্টু (৮) জানায়, সোমবার রাতে তার মায়ের সঙ্গে যে ব্যক্তির সম্পর্ক ছিল তারা ৩-৪ জন এসে তার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় তার মাও আহত হয়েছেন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি স্কুলব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে একটি শার্ট, একটি প্যান্ট ও একটি লুঙ্গি ছিল।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





