চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙর এলাকায় আজ ভোরে মাছ ধরার ট্রলার এমভি হেনা থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২০কোটি টাকা। সাম্প্রতিক সময়ে এটি ইয়াবার বৃহত্তম চালান।

এ ঘটনায় আটককৃতরা হলেন- মো. হান্নান (৪০), মো. ওসমান (২৩), মো. রাসেল (৩৩), অলি উল্লাহ (২১), মো. ইলিয়াস (১৮), মো. রিয়াজ (১৯) ও মো. লোকমান (৩৩)।

চট্টগ্রাম র‌্যাব-৭-এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এমটি হেনা নামে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা।

এসময় ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মিয়ানমার থেকে ইয়াবার চালানটি নিয়ে আসা হচ্ছিল। পতেঙ্গায় এনে চালানটি আরেকটি ট্রলারে স্থানান্তর করে নিয়ে যাওয়ার কথা ছিল।

তিনি বলেন, মূল হোতাকে খুঁজে বের করতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসএইচ