মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইসলামী ছাত্রসেনা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামালুদ্দিন রাব্বানী এই ঘোষণা দেন।

চট্টগ্রাম মহানগর সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনার নগর ও জেলার নেতারা।

বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জামালখান, চেরাগী পাহাড় ও আন্দরিকল্লায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ৯টা থেকে মুরাদপুর ও জিইসি মোড়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা জড়ো হলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিছিল থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়ে আশকারদিঘী পাড় এলাকায় কয়েকটি ফার্নিচার দোকানের কাচ ভাংচুর করেন।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ