ভোলার দৌলতখানের মেঘনায় জাল পাতাকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপিজেলার মদনপুরা এলাকায় মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- মান্নান মাঝি (২৫), রুবেল (১৯), জুয়েল (১২), হানিফ (২২), মাকসুদ (৩০), আক্তার (১৫) ও আলম (২৫)।

তাদের দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত জেলেরা জানান, বিকালে মেঘনার মদনপুরা এলাকায় বশির মাঝিসহ অন্যরা মাছ ধরার উদ্দেশে জাল পাতেন। এ সময় তাকে জাল পাততে বাধা দিয়ে একই স্থানে জাল পাতার চেষ্টা করেন জাহাঙ্গর মাঝির লোকজন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, পুলিশকে ঘটনার তদন্ত করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, এ বিষয়ে কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ