ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছে।

রোববার সকালে ফরিদপুরের ভাঙ্গা পৌর শহরের সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল ইসলাম বলেন, আজ সকালে ঢাকা থেকে বরিশালগামী সনি পরিবহনের একটি বাস ভাঙ্গা পৌর শহরের সদরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারান।

এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে অজ্ঞাত পরিচয় এক বাসযাত্রী নিহত হন। আহত হন ১৬ জন যাত্রী। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইমরান জানান, গুরুতর আহত আট বাসযাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্য পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

এআর