বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, শনিবারের মতো আজ রোববারও দেশে নতুন করে করোনা আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আগে যা ছিল তা-ই আছে। অর্থাৎ দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৮।

দেশে গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষায় নতুন করে কারও শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

সেইসঙ্গে কোভিড-১৯ সংক্রমিত মোট ১৫ জন সুস্থ আছেন বলে গতকালের মতো আজও জানানো হয়েছে। আর মৃতের সংখ্যা ৫ জনই আছে।

আজ (২৯ মার্চ) রোববার দুপুর ১২টার পর স্বাস্থ্য অধিদফতরের আইইডিসিআর করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এইসব তথ্য জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।  

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আজ (২৮ মার্চ) রোববার পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৭৯ জনে।

করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন। এদের মধ্যে বর্তমানে ৪ লাখ ৯০ হাজার ৬৭৮ জন চিকিৎসাধীন এবং ২৫ হাজার ২০৭ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ৭৩ হাজার ৬২ জনের মধ্যে ১ লাখ ৪২ হাজার ১৮৩ জন (৮২ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৩০ হাজার ৮৭৯ জন (১৮ শতাংশ) রোগী মারা গেছেন।

এমবি