দীর্ঘ ১৬ ঘণ্টার চেষ্টার পর উদ্ধার করা হয়েছে আড়াইশ' যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ এমভি মোস্তফা। সোমবার ভোরে উদ্ধারকারী জাহাজ রুস্তম ওই জাহাজটিকে উদ্ধার করে।
এদিকে সোমবার সকালে আরও ২৩ জনসহ মোট ৬৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানিকগঞ্জের বিশেষ শাখার (ডিএসবি) এসআই আব্দুস সালাম জানিয়েছেন, উদ্ধারকৃত জাহাজটিকে পাটুরিয়া ঘাটের দড়িকান্দি এলাকায় রাখা হয়েছে। সেখানে এখনো উদ্ধার কাজ চালানো হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিভ খান জানান, কন্ট্রোলরুমে ৬৫ জনের মৃত দেহের মধ্যে ৪৩টি লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে মাওয়া থেকে পাটুরিয়ায় এসে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম।
এআর





