চট্টগ্রাম নগরীর লালদীঘির পাড় থেকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ১৫ যুবককে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় পাচারে জড়িত থাকার অভিযোগে নাছির চৌধুরী (৪৫) নামে এক দালালকে আটক করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে থেকে তাদের উদ্ধার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের এস আই মোহাম্মদ জহির জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিএমপি কার্যালয়ের সামনেই লালদীঘির পাড় এলাকা থেকে মাইক্রোতে উঠার সময় অবৈধ পথে মালেয়শিয়াগামী ১৫ জনকে উদ্ধার করা হয়। এসময় তাদের পাচারের কাজে জড়িত থাকার অভিযোগে রাঙ্গুনীয়ার রানীহাটের নাছির উদ্দিন চৌধুরী নামের এক দালালকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ১৫ জনের বাড়ি সুনামগঞ্জ। তারা খুবই দরিদ্র পরিবারের সন্তান। তাদের মিথ্যা প্রলোভন দেখিয়ে কয়েক লাখ টাকার বিনিময়ে মালেয়শিয়া পাঠানোর কথা বলে চট্টগ্রামে আনা হয়। এখান থেকে কক্সবাজারের উদ্দেশে মাইক্রোবাস যোগে লালদীঘি মাঠ এলাকায় জড়ো করা হয় তাদের। এসময় সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়।

জেআই