ইন্দুরকানীতে এক কলেজের অফিস সহকারীকে কুপিয়ে হত্যা করেছে এক ঘাতক। ঘাতক পালিয়ে যাওয়ার সময় জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় ও থানাসূত্রে জানা যায়, রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে উপজেলার চন্ডিপুর বাজারের মজনুর মিষ্টির দোকানের সামনে খোলপটুয়া গ্রামের আবু বকর বেপারীর ছেলে কাঞ্চন বেপারী (৩৩) ধারালো কুড়াল দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে চরবলেশ্বর গ্রামের আ: রহমানের ছেলে মো. রেজাউল করিম রিপন (৩৫) কে হত্যা করে। নিহত রিপন কলারণ চন্ডিপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অফিস সহকারী। তার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর গ্রামের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জানান, ঘাতক কাঞ্চন বেপারী নিহত রিপনের ভাইয়ের মেয়েকে ৪ বছর পূর্বে বিয়ে করে। বিয়ের পর থেকে কাঞ্চন তার স্ত্রীকে নির্যাতন করে আসছে। বিষয়টি কাঞ্চনের স্ত্রী তিন মাস পূর্বে তার বাবার বাড়ি গিয়ে পরিবারের লোকজনকে জানালে তারা তার কাছে মেয়ে দিবেনা বলে কাঞ্চনকে জানায়।
নিহত রিপন তার ভাইয়ের মেয়ের বিষয়টি নিয়ে বেশি প্রভাব খাটালে ঘাতক কাঞ্চন ক্ষিপ্ত হয়ে রিপনকে কুপিয়ে হত্যা করে। কাঞ্চনের স্ত্রী ৩ মাস ধরে তার বাবার বাড়ি অবস্থান করছেন।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, নিহতের ঘটনায় ঘাতক কে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
কেফায়েত/এমবি





