পানিসম্পদ মন্ত্রণালয় জেলার সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে কীর্তনখোলা নদী ভাঙন রোধে ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। জরুরী ভিত্তিতে ভাঙন রক্ষায় বরিশাল পাউবো’র আবেদনের প্রেক্ষিতে এ বরাদ্দ দেয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহম্মেদ জানান, বরাদ্দকৃত ৩০ লাখ টাকা দিয়ে প্রাথমিক ভাবে ভাঙন কবলিত এলাকায় বাঁশের খাঁচা ও ৮ হাজার বস্তা জিও ব্যাগ ফেলতে বলা হয়েছে। তাই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১০ দিনের মধ্যে ভাঙন রক্ষায় কাজ শুরু হবে।

এছাড়া কীর্তনখোলা নদী তীর ঘেষে শহর রক্ষা বাঁধ নির্মাণে ৪৬ কোটি টাকার প্রকল্পটি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস জানান, ২০০৯ সালে ৩ আগস্ট কীর্তনখোলা নদীর ভাঙন রোধে একটি বেরিবাধ নির্মাণের পরিকল্পনার জন্য ২৩ কোটি ৫২ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল। প্রকল্পটি অনুমোদনের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে দাখিল করা হয়।

তিনি আরো জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইব্রাহিম খলিল কীর্তনখোলা নদী ভাঙন পরিদর্শন করেছেন। পরিদর্শন করে সচিব আগের দাখিল করা প্রকল্পের পরিধি বৃদ্ধি করে ৪৬ কোটি টাকার প্রকল্প জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

তিনি জানান, কীর্তনখোলা নদীর ভাঙন ও বেরি বাঁধ রক্ষায় ৪৬ কোটি টাকার ওই প্রকল্পটি বর্তমানে মন্ত্রণালয়ে চূরান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ