ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০১৩-১৪ অর্থবছরের দলীয় আয়-ব্যয়ের হিসাব না দেয়ায় বিশেষ সুবিধা দিয়ে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এক কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রধান নির্বান কমিশনারের (সিইসি) সভাপতিত্বে ৩ কমিশনার ও ইসি সচিব এ সময় উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী, কোনো দল পরপর তিন বছর দলীয় আয়-ব্যয়ের হিসাব দাখিলে ব্যর্থ হলে কমিশন তার নিবন্ধন বাতিল করতে পারবে।
বিধিমালায় আরও বলা হয়েছে, হিসাব দাখিলে ব্যর্থ হলে সময় বাড়ানোর আবেদন করা বা সময় বাড়ানো যাবে না। কিন্তু সব কিছু উপেক্ষা করে আওয়ামী লীগসহ কয়েকটি রাজনৈতিক দল হিসাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আওয়ামী লীগসহ কয়েকটি দলেক বিশেষ সুবিধা দিতে রোববার কমিশন বৈঠক করে ইসি এবং বিশেষ সুবিধা দেয়ার জন্য সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে।
এ বিষয়ে ইসির এক সহকারী সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, আয়-ব্যয়ের হিসাব দেয়ার জন্য সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেয়া হয়েছিল। যারা হিসাব জমা দিয়েছে তাদের হিসাব গ্রহণ করা হয়েছে। আর যারা সময় চেয়ে আবেদন করেছে তাদেরকে আইন উপেক্ষা করে সিইসিসহ কমিশনারগন বিশেষ সুবিধা দিয়েছেন। যা আইন বর্হিভূত সিদ্ধান্ত ।
তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা সময় বাড়ানোর জন্য সিইসির কাছে ফোন করেন। আর একারণে প্রধান নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, নিবন্ধন বিধিমালায় সময় বাড়ানোর কোনো নিয়ম না থাকলেও শুধুমাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক বলেন, গত জুলাই মাসে রমজান মাস হওয়ার কারণে রাজনৈতিকদলগুলো আয়-ব্যয়ের হিসাব জমা দিতে পারেনি। শেষ করতে পারেনি। তাদের সুবিধার (রাজনৈতিক দলগুলোর) কথা বিবেচনা করে এ সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য,নির্দিষ্ট সময়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব দিয়েছে মাত্র ২৫টি দল। আর আওয়ামী লীগসহ বেশ কয়েকটি দল সময় চেয়ে আবেদন করে। আর আদালত নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামকে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার জন্য চিঠি দেয়নি নির্বাচন কমিশন ।
ঢাকা, এএম, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





