সাতক্ষীরায় ছিনতাইকারীদের ছোড়া গুলিতে সিদ্দিক তরফদার নামে একজন গুলিবিদ্ধ হয়েছে।
রোববার রাত পৌনে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রামচন্দ্রপুর মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সিদ্দিক তরফদার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামের মৃত গোলাম তরফদারের ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুরে সাতক্ষীরা শহরের কেষ্ট ময়রার মোড়ে হাবিবুর রহমানের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনগণ সিদ্দিক তরফদারকে ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে পুলিশে দেয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
রাতে সিদ্দিক তরফদারের দেয়া তথ্যমতে রামচন্দ্রপুর এলাকায় পলাতক ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং গুলি ছোড়ে।
পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এসময় আসামিদের ছোড়া গুলিতে সিদ্দিক তরফদার বাম পায়ে গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশবিশেষ, ১টি কার্তুজের খোসা ও ১ টি হাসুয়া উদ্ধার হয়েছে।
সিদ্দিক তরফদারকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএইচ





