জেলা শহরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে ভোকেশনাল ইনস্টিটিউটের ছাত্র ইমরান হোসেন (১৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ছেন আরও ১৫ জন। শহরের দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার লোকজনের মধ্যে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষ চলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
ইমরান হোসেন সয়াগোবিন্দ মহল্লার ইকবাল হাসান কুন্নুর ছেলে। সে সিরাজগঞ্জ ভোকেশনাল টেকনিক্যাল ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, পূর্ব শক্রতার জের ধরে দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার মধ্যে সকাল থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। দুপুরে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ফালার আঘাতে ইমরান গুরুতর আহত হয়। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
ওসি হাবিবুল ইসলাম আরও জানান, খবর পেয়ে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া ঘটনাস্থল থেকে ৫/৬ জনকে আটক করা হয়েছে। দুই মহল্লায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান, হাসপাতালে নিয়ে আসার পরই ইমরান মারা যান। তার বুকে ফালার আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





