জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের পরীক্ষার হলে ফ্যান ছিঁড়ে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী।
আহত শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের সোহেল রানা। এরপর আহত শিক্ষার্থীকে পাশবর্তী একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের ৪র্থ তলায় ইসলামিক স্টাডিজ বিভাগের ৪০৩ নং ক্লাসরুমে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ১ম সেমিস্টার পরীক্ষা চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আহত সোহেল রানা ১১তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।
জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় পর আনুমানিক ১০টার দিকে বিকট শব্দে ফ্যানটি খুলে সোহেল রানার মাথায় পড়ে, এতে তিনি গুরুতর আহত হন। এসময় তার মাথা এবং চোখ মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।
এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুল আমিন বলেন, আহত শিক্ষার্থীকে আমরা পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করেছি। তার সিটিস্ক্যান করা হয়েছে। সে এখন ভালো আছে। চিকিৎসকগণ আমাদের জানিয়েছেন সে শঙ্কামুক্ত।
ফ্যান খুলে পড়ার বিষয়ে তিনি,বলেন, এ ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কিছুদিন আগেই নষ্ট ফ্যানগুলো পরিবর্তন করে নতুন ফ্যান দেওয়া হয়েছে। তখন এ ফ্যানটাতে কোনো ত্রুটি ধরা পড়েনি।
এএস





