সিলেটের দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের একটি বাস খাদে পড়ে অন্তত ১২ শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার সাতমাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে যায়।

কলেজ অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিতে ২৫ জন শিক্ষার্থী ছিলো। এর মধ্যে ১২ জন আহত হয়েছেন।

গুরুতর ৫ জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এছাড়া ফারজানা নামে আরো একজন চাপা পড়ে আছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাসটি সিলেটের ওসমানী নগরের তাজপুর থেকে দক্ষিণ সুরমার লাউয়াইতে অবস্থিত কলেজে আসার পথে দুর্ঘটনার শিকার হয়।

দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার (এসি) এন এম নাসির উদ্দিন বলেন, এ দুর্ঘটনার পর সড়কের উভয়পাশে যানজট তৈরি হয়েছে।

কেএইচ