অপরাধীদের সঠিক বিচার না হওয়ায় বাংলাদেশে শিশু নির্যাতন ও হত্যাকাণ্ড বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।
শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে লোক প্রশাসন বিভাগের এক দশক পূর্তি উপলক্ষে 'গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ' শীর্ষক সেমিনার তিনি এ মন্তব্য করেন।
মিজানুর রহমান বলেন, 'রাজধানীর বনশ্রীতে মা তার দুই শিশুকে হত্যা করবে এটা আমি বিশ্বাস করি না। এখানে বিশেষজ্ঞদের কাজে লাগানো উচিত। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সরকারের তদন্ত করে দেখা দরকার।'
তিনি বলেন, সব শিশু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হওয়া দরকার। শিশু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। রাষ্ট্রের উচিত সব শিশু হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করে রায় দেয়া। তা না হলে শিশু হত্যাকাণ্ড বন্ধ হবে না।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, 'সাংবিধানিকভাবে সকল জনগণ সমান। কিন্তু বাস্তবে সমান নন। জনসাধারণের মধ্যে শ্রেণীভিত্তিক পার্থক্য রয়েছে। এই বাস্তবতা মেনে নিয়ে সরকারের পক্ষ থেকে উন্নয়নমূলক পদক্ষেপ নেয়া হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।'
তিনি বলেন, সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য ন্যায়ের সঙ্গে অধিকারের সমন্বয় জরুরি। আর লোক প্রশাসনের শিক্ষার্থীরা এই কাজে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক ড. মিজানুর রহমান।
লোক প্রশাসন বিভাগের সভাপতি ড. ছায়েদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম, সরকারি কর্ম কমিশনের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, লোক প্রশাসন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. আবুল কাশেম মজুমদার, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন, বিভাগীয় শিক্ষক জেবউননেছা প্রমুখ।
এআইজে





