রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শুভ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত শুভ সিদ্দিকবাজারে এক ব্যবসা প্রতিষ্ঠান কর্মচারী ছিলেন।
বুধবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে বংশালের তাঁতিবাজার মোড়ে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।
দোকান মালিক আবদুল করিম জুয়েল জানান, সিদ্দিকবাজারে জুয়েল ট্রেডার্স নামে তার রেক্সিনের ব্যবসা প্রতিষ্ঠান আছে। শুভ সেখানে কাজ করতো। সন্ধ্যায় সে তাঁতিবাজারে একটি ট্রান্সপোর্টে মাল দিতে যায়। সেখান থেকে পায়ে হেঁটে সিদ্দিকবাজারের দোকানে ফেরার পথে তাঁতিবাজার মোড়ে কয়েকজন তার মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে শুভ’র বুকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল্লাহ খান জানান, মৃতদেহের বুকের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এমবি





