মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন ‘সরকার উন্নায়নের জন্য প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। ২০১৭ সালের মধ্যে ডুমুরিয়া উপজেলায় প্রতিটা পরিবারকে বিদ্যুতের আওতায় আনা সম্ভব হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের সাজিয়াড়া ও খলশী গ্রামে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সঞ্চালন লাইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,এই বিদ্যুৎ সঞ্চালন লাইনের জন্য ৩৬ লাখ ৩০ হাজার টাকা ব্যয় হয়েছে। পল্লিবিদ্যুৎ সমিতির আওতায় এই দুই গ্রামের ১৬২টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে।
ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবীর বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, ডুমুরিয়া পল্লিবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ, জাতীয় পার্টির নেতা গাজী গহর ও ইউপি সদস্য ইকবাল হোসেন প্রমুখ।
মামুন/এআই





