শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালের জন্য সশস্ত্র পুলিশ নিয়োজিত করা হচ্ছে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জনপ্রিয় এ লেখকের জন্য নিরাপত্তা বেষ্টনির ব্যবস্থা গ্রহণ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘নতুন করে জাফর ইকবালকে কোনো ধরনের হুমকি দেওয়ার তথ্য আমাদের কাছে নেই। তবে সামগ্রিক পরিস্থিতিতে তাকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নিরাপত্তা ব্যাবস্থার ধরন জানিয়ে পুলিশের এই কর্মকতা বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জাফর ইকবালকে সশস্ত্র পুলিশি নিরাপত্তা বেষ্টনির মধ্যে রাখা হবে। দিনের বেলায় ড. জাফর ইকবালের সঙ্গে দুজন এবং রাতে তিনজন সশস্ত্র পুলিশ থাকবে।’

জাফর ইকবাল ছাড়াও সিলেটের কোনো ব্যক্তি যদি জীবননাশের হুমকি পেয়ে থাকেন, তবে সেটা পুলিশকে জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন মহানগর পুলিশের মোহাম্মদ রহমত উল্লাহ।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এছাড়া গত বছরের মে মাসে অধ্যাপক জাফর ইকবালসহ দেশের ১০ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয় ‘আনসার উল্লাহ বাংলা টিম।

এসএম