নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামে ত্চ্ছু ঘটনাকে কেন্দ্র করে লতিফ মোল্যা (৩২) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশিরা। রোববার দিবাগত রাত ২টার দিকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ ও নিহত লতিফের পারিবারিক সূত্রে জানা গেছে, পেড়লী গ্রামের মাজেদ মোল্যার ছেলে লতিফ মোল্যার সঙ্গে রোববার বিকেলে প্রতিবেশি আজাদ, মনিরুল ও আনারুল মোল্যার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আজাদ বেদম মারপিট করে লতিফকে মারাত্মক জখম করে।

স্থানীয়রা মারাত্মক আহত লতিফকে একটি ভ্যানে তুলে তার বাড়ি পৌছে দিতে নিয়ে যায়। ভ্যান বাড়ি পৌছানো মাত্রই আবারও তার ওপর হামলা করে বেদম মারপিট করে। এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়লে মৃত নিশ্চিত জেনে হত্যাকারিরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়। পরে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশি মনিরুল, আনারুল ও আজাদ মোল্যা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

নড়াইল সদর থানার এসআই আয়ুব হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএইচ