কাওরানবাজার এফডিসি গেটের সামনে ট্রেনে কাটা পড়ে মুরাদ হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ ফরিদপুর মধুখালি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লতিফ মোল্লার ছেলে। তিনি মগবাজার আমবাগান এলাকায় থাকতেন। একমাত্র মেয়ের জনক ছিলেন তিনি।
চাচাতো ভাই জানান, মগবাজার দিলুরোডের ‘পদ্মা গ্রুপ ও কনভার্টার্স’ এর নির্বাহী হিসাবরক্ষক ছিলেন মুরাদ। গতরাতে কারওয়ান বাজার গিয়েছিলেন তিনি।
সেখান থেকেই রেললাইন দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পরে তার মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি, তিনি ট্রেনে কাটা পড়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পাই। তার মাথা ও পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রশু বণিক জানান, গতরাতে রেললাইন পার হওয়ার সময় একটি ডাউন ট্রেনের নিচে কাটা পড়েন মুরাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এএস





