সুন্দরবন-সাতক্ষীরা রেঞ্জের গাগড়ামারী এলাকা থেকে শনিবার ভোরে ২ বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন, শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের ইবাদত হোসেন ও গাগড়ামারী এলাকার আব্দুল জলিল।

এদিকে, ইবাদত হোসেনসহ ২ ব্যক্তিকে আটকের ঘটনায় কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা সাংবাদিকদের পরস্পরবিরোধী তথ্য দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ঘের সংক্রান্ত বিরোধের জেরে গালিব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলামের প্রভাবে বাদী ইবাদত হোসেনকে আটক করে কোস্টগার্ড।

অন্যদিকে কোস্টগার্ড সদস্যরা জানান, আটক ইবাদত হোসেন ও আব্দুল জলিল সক্রিয় বনদস্যু। তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মংলা কোস্টগার্ডের অপারেশন অফিসার লে. কমান্ডার আলাউদ্দীন নয়নের দাবি, ইবাদত হোসেন ও আব্দুল জলিল বনদস্যু। শনিবার ভোরে গাগড়ামারি এলাকা থেকে একটি দেশীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ তাদেরকে আটক করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলায় কোস্টগার্ডের অভিযানে আটকদের বিরুদ্ধে কোনো মামলা নেই।

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ