আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এ ঘটনায় বাসের চালকসহ আহত হয়েছে অন্তত পাঁচজন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ইপাড়া বাসষ্ট্যান্ডের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর থেকে ছেড়ে আসা কালিয়াকৈরগামী একটি যাত্রীবাহি বাস বাড়ইপাড়া বাসষ্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে কয়েকজন যাত্রী গাড়ি থামানোর অনুরোধ করেন।

চালক বাড়ইপাড়া বাসষ্ট্যান্ডের কাছাকাছি গাড়ি থামালে যাত্রীবেশী অবরোধের সমর্থকরা বাসের মধ্যে দ্রুত পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে নেমে যায়। এ সময় আগে থেকে সেখানে ওৎপেতে থাকা আরো কয়েকজন পুরো বাসে পেট্রল ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

এদিকে আগুন দেখে দ্রুত নামতে থাকেন বাসের যাত্রীরাও। এতে আহত হন চালকসহ পাঁচজন।

সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এর আগেই বাসের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়।

কেএইচ