নগরবাসীকে মশার উৎপাত থেকে পরিত্রাণ দিতে সপ্তাহব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত এ প্রোগ্রাম অব্যাহত থাকবে।
আজ রোববার বিকালে মশক নিধনের এ ক্র্যাশ প্রোগ্রামটি উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মোঃ ইব্রাহীম হোসেন খান। তিনি পুরনো ঢাকার ইসলামবাগ ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. মোঃ মাহবুবুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসক মোঃ ইব্রাহীম হোসেন খান বলেন, আজ থেকে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি এ ক্র্যাশ প্রোগ্রাম চলবে। তবে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত মশার ডিম মারার জন্য লার্ভিসাইডিং এবং বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উড়ন্ত মশক নিধনে ফগিং কার্যক্রম চলবে। তিনি আরও বলেন, ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে একযোগে এ মশক নিধন কার্যক্রম চলবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খান মশকের বংশ বিস্তার রোধে নগরবাসীকে নিজ বাড়ি-ঘর, আঙিনাসহ আশ-পাশের ঝোপঝাড় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে অনুরোধ জানিয়েছেন।
একে/কেএইচ





