কুমিল্লা মহানগরী থেকে প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাত করে রেলওয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্সের ৪০ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত থাকার ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ সময় উদ্ধার করা হয় পিস্তল-এলজিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র। গতকাল শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে নগরীর মনোহরপুর শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ৪০ লাখ টাকা উত্তোলনের পর দক্ষিণ চর্থা থিরাপুকুর পাড় এলাকায় টাকা ছিনতাইয়ে অংশ নেন গ্রেফতারকৃত ৩ ছিনতাইকারীসহ তাদের আরও কয়েকজন সহযোগী।
শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুর আলমের নেতৃত্বে ডিবির এসআই সহিদুল ইসলামসহ ডিবির একটি টিম ওই ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চালায়। পরে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধা করা হয় বলে সন্ধ্যায় ডিবির ওসি একেএম মঞ্জুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, নগরীর সংরাইশ মধ্যপাড়া এলাকার ইদ্রিস মিয়ার পুত্র আল আমিন (২৬), একই এলাকার আবদুল ওহাবের পুত্র সজিব মিয়া (২৫)। পরে তাদের স্বীকারোক্তিতে একই এলাকার পশ্চিম পাড়া থেকে মনজিল মিয়ার পুত্র মো. মাসুম হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ একটি পিস্তল, ২ রাউন্ড কার্তুজসহ একটি এলজি এবং ৮টি রামদা উদ্ধার করা হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুর আলম জানান, ছিনতাই ঘটনার পর থেকে ডিবির একাধিক টিম মাঠে অভিযান শুরু করে। গ্রেফতারকৃতরা ৪০ লাখ টাকা ছিনতাই ঘটনায় জড়িত ছিল বলে স্বীকার করেছে। টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ৪০ লাখ টাকা ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ৪০ হাজার টাকাসহ মামুনুর রশিদ নামে এক যুবককে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
তিনি জেলার সদর দক্ষিণ উপজেলার মোহনপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে। শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি আবু সালাম মিয়া।
এমএনজে





